নিজামুদ্দিন আসির আদরাবি
খ্যাতনামা ইতিহাসবিদ ও শিক্ষাবিদ। ১৯২৬ খ্রিস্টাব্দে ভারতের উত্তরপ্রদেশের মাউ জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক লেখাপড়ার হাতেখড়ি বাবা-মায়ের কাছে। পরে মাদরাসা ফায়জুল গুরাবা, জামিয়া মিফতাহুল উলুম, মুবারকপুরের মাদরাসা ইয়াহইয়াউল উলুম ও দারুল উলুম মাউতে অধ্যয়ন করেন। পরে উচ্চশিক্ষার জন্য মাদরাসা শাহি মুরাদাবাদ চলে যান এবং ১৯৪২ খ্রিস্টাব্দে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর কিছুদিন শিক্ষকতা করে ১৯৫৪ খ্রিস্টাব্দে মাউ জেলায় মাদরাসা দারুস সালাম প্রতিষ্ঠা করেন।
১৯৭২ খ্রিস্টাব্দে আজমগড়ে হিন্দুরা মুসলিমদের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। তখন মাওলানা আসআদ মাদানি রাহ. ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সেখানে গেলে মাওলানা আসির আদররাবি তাঁকে সঙ্গ দেন। এই পরিচয়ের সূত্রে পরবর্তী সময়ে আসআদ মাদানি তাঁকে প্রাদেশিক জমিয়তের অফিসার ইনচার্জ পদে নিয়োগ দেন। চার বছর তিনি সেই দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭৮ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি থেকে বার্ধক্যজনিত সমস্যায় দুর্বল হওয়ার আগ পর্যন্ত প্রায় তিন যুগ বারানসির জামিয়া ইসলামিয়ায় শিক্ষকতা করেন।
তিনি উর্দু ভাষায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন। ছোট গল্পের লেখক হিসেবেও তিনি পরিচিত। ত্রৈমাসিক তারজুমানের সম্পাদক ছিলেন এবং এর জন্য কয়েকটি প্রবন্ধ লিখেছেন। সাপ্তাহিক আল-জমিয়ত ও দৈনিক আল-জমিয়তের কলামিস্ট এবং লেখক ছিলেন। জীবনী লেখায় ছিলেন সিদ্ধহস্ত। তাঁর রচিত জীবনীগ্রন্থের মধ্যে মুহাম্মদ কাসিম নানুতুবি, মাহমুদ হাসান দেওবন্দি, ইমামুদ্দিন পাঞ্জাবি, রশিদ আহমাদ গাঙ্গুহি, মাহমুদ হাসান, হুসাইন আহমাদ মাদানি এবং আমাদের হাতে থাকা মাওলানা রাহমাতুল্লাহ কিরানবি বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই গুণী লেখক ২০২১ খ্রিস্টাব্দের ২ মে মৃত্যুবরণ করেন।