ওয়ায়েল বি. হাল্লাক
অধ্যাপক ড. ওয়ায়েল বি. হাল্লাক (وائل حلاق) একজন বিখ্যাত ইসলামি তাত্ত্বিক, আইনবেত্তা, বুদ্ধিজীবী, রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদ। বিশেষত ইসলামি আইনবিদ্যায় তিনি বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পণ্ডিত হিসেবে স্বীকৃত। অধিকৃত ফিলিস্তিনের নাজারেথ শহরের এক খ্রিষ্টান পরিবারে ১৯৫৫ সালে তিনি জন্মগ্রহণ করেন।
হাল্লাক ১৯৭৫ সালে হাইফা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক হন এবং ১৯৮৩ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে পিএইচডি করেন। ১৯৮৫ সালে তিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০০৫ সালে ‘জেমস ম্যাকগিল প্রফেসর’ পদে উন্নীত হন। বর্তমানে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাভালন ফাউন্ডেশন প্রফেসর হিসেবে কর্মরত। হাল্লাকের গবেষণার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ইসলামি আইন (ফিকহ), আইনতত্ত্ব, ইসলামি আইনশাস্ত্রের ইতিহাস, মূল্যবোধ ও নীতিবিদ্যা, প্রাচ্যবাদের ভিত্তি ও তার প্রভাব এবং আধুনিক প্রেক্ষাপটে ইসলামি আইন ও রাষ্ট্রব্যবস্থার বিবর্তন।
অধ্যাপক হাল্লাক একজন মনস্বী লেখক হিসেবে দুনিয়া জুড়ে সমাদৃত। ইতোমধ্যে ইসলামি আইনের প্রকৃতি-উদ্ভব-বিকাশ-বিবর্তন-প্রয়োগযোগ্যতা, শরিয়ার অনুশীলন ও রূপান্তর, দর্শন ও নীতিবিদ্যার নানা দিক, গ্রিক দর্শনের মোকাবিলায় ইবনু তাইমিয়ার লড়াই, প্রাচ্যবাদের পুনঃসংস্থিতি, আধুনিকতার সংস্কার প্রভৃতি বিষয়ে তাঁর ১২টি বই এবং ৬০টি মৌলিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর দি ইমপসিবল স্টেট বইটি কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেসের ‘ডিস্টিংগুইশড বুক অ্যাওয়ার্ড’, ‘অরিজিনস অ্যান্ড ইভোল্যুশন’ ইসলামি প্রজাতন্ত্র ইরানের ‘বুক অব দ্য ইয়ার’ পুরস্কার এবং ‘রিফরমিং মডার্নিটি’ বইটি ‘নটিলাস বুক অ্যাওয়ার্ড’ লাভ করে। ২০২৪ সালে ইসলামি আইন ও ধর্মতত্ত্বে যুগান্তকারী অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত ‘বাদশাহ ফায়সাল পুরস্কার’-এ ভূষিত হন।