নওমুসলিম মুহাম্মদ রাজ
সমাজসেবক, লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক মুহাম্মদ রাজের জন্ম এক ব্রাহ্মণ পরিবারে। সত্যের অন্বেষণে আড়ম্বরপূর্ণ জীবন পেছনে ফেলে তিনি ইসলামগ্রহণ করেন। সেই থেকে নওমুসলিম পরিচয়টিকেই তিনি পরম গৌরবে ধারণ করে রয়েছেন। ঢালকানগরের মুফতি জাফর আহমদের সঙ্গে তাঁর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। তাঁর পরামর্শ মেনেই তিনি জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলেন। দেশের শীর্ষস্থানীয় ও প্রখ্যাত আলিমদের সঙ্গে তাঁর হৃদ্যতা অত্যন্ত গভীর এবং তাঁদের স্নেহ ও ভালোবাসায় তিনি সিক্ত।
বর্তমানে তিনি আল-মারকাযুল ইসলামীর মহাপরিচালক (কর্মসূচি, প্রকল্প ও বাস্তবায়ন) এবং আগে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও মুখ্য সমন্বয়ক, ফেস দ্য পিপলের আন্তর্জাতিক ডেস্কের নির্বাহী সম্পাদক এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানবিকবিষয়ক পরিচালক।
নওমুসলিম কল্যাণ, প্রতিবন্ধী সহায়তা, মক্তব, মসজিদ ও দৃষ্টিপ্রতিবন্ধী মাদরাসা নির্মাণ এবং স্বাবলম্বীকরণসহ প্রায় ১৪টি নিয়মিত ও অসংখ্য অনিয়মিত প্রকল্পের মাধ্যমে তিনি কোটি কোটি টাকার সেবামূলক কাজ করেছেন। দেশের ইসলামি সেবা সংস্থার ইতিহাসে প্রথমবারের মতো প্রাণীদের সুরক্ষায় তিনি আল-মারকাযুল ইসলামীতে ‘ক্রিয়া ওয়েলফেয়ার সেন্টার’ নামে একটি স্বতন্ত্র বিভাগ গড়ে তুলেছেন। পাশাপাশি একজন নওমুসলিম হিসেবে গাজা ও সুদানে তাঁর ব্যাপক মানবিক তৎপরতা তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে এবং বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
প্রথম নওমুসলিম হিসেবে তিনিই ইসলামি সেবা সংস্থার মানবিক কার্যক্রম আল-জাজিরা, ফিলিস্তিন টিভি ও সুদানের জাতীয় টেলিভিশনে তুলে ধরেছেন। তাঁর মাধ্যমেই মিসর টাইমস, শিকান, আল-জারকা, আল-তাইবাসহ মধ্যপ্রাচ্যের একাধিক পত্রিকা ও আফ্রিকার টেলিভিশনে বাংলাদেশের মানবসেবার সাফল্যগাথা পৌঁছেছে।
বিদেশ সফরে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় ছাড়াও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দেশে-বিদেশে একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। দেশি-বিদেশি গণমাধ্যমে তাঁকে নিয়ে বহু প্রতিবেদন এবং জাতীয় পত্রিকায় তাঁর অসংখ্য নিবন্ধ প্রকাশিত হয়েছে। উদ্যোক্তা হিসেবে তিনি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি অর্গানিক শপের স্বত্বাধিকারী এবং নিয়মিত করদাতা। মুহাম্মদ রাজ কেবল বাংলাদেশের গর্বই নন, পুরো উম্মাহর জন্য এক আশার প্রতীক। তাঁর নেতৃত্বে ছোট্ট একটি সংগঠন আজ বিশ্বস্বীকৃত মানবসেবামূলক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে মানবিকতায় অগ্রগামী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।